চার দিনের সফরে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তিনি মালয়েশিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।
সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।
সফরকালে তাঁরা বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, সীরাত মাহফিলসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থি রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন মাওলানা মামুনুল হক।
সফরের অংশ হিসেবে দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে তাঁরা মতবিনিময় করবেন।
পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে সফরসঙ্গীদের।
শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করার কথা রয়েছে মাওলানা মামুনুল হকের।
সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
/এএসএফ