মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদক বন্ধের উদ্যোগ নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’
এদিকে দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের বিভিন্ন তথ্যেও দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে আমাকে “শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন” এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের ভালোবাসেন।’
ভুল-বোঝাবুঝি দূর করতে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, প্রয়োজনে তাঁদের সঙ্গে বসতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিরাও আলোচনায় বসতে আগ্রহী। আলোচনার মাধ্যমে এ ধরনের ভুল-বোঝাবুঝির অবসান ঘটানো সম্ভব।
/এসএন