• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম


ঘোড়ার ডিমের রাজনীতি করছে’, নাহিদ ইসলামকে কটা’ক্ষ ইশরাকের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ অক্টোবর ২০২৬ ৬:৩৭ পিএম

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতা ইশরাক হোসেন এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন। নাহিদ ইসলামের আনা ‘ফৌজদারি অপরাধ’-এর অভিযোগের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ইশরাক বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও তাঁরা আসলে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। এর আগে একই দিন বিকেলে রাজধানীর বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে ইশরাক ফেসবুকে লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’

তরুণ প্রজন্মের উদ্দেশেও হতাশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’

নিজের উদ্যোগের প্রতি মানুষের সমর্থন রয়েছে বলেও স্ট্যাটাসে দাবি করেন ইশরাক। এ প্রসঙ্গে তিনি এক তরুণের ফোন পাওয়ার কথা উল্লেখ করেন এবং বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে তাঁর নেওয়া উদ্যোগকে অনেকেই সমর্থন জানাচ্ছেন।

এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’

নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক বলেন, ‘নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’

স্ট্যাটাসের শেষাংশে মাদক নির্মূলে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন ইশরাক হোসেন। তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’

/এসএন