• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম


মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে অপেক্ষায় ইরান: আইআরজিসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ৮:১৬ পিএম

মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সাগরে ডুবিয়ে দিতে ইরান অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। বুধবার (১৪ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অ্যালাই ওজমাইয়ের এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে রিয়ার অ্যাডমিরাল অ্যালাই ওজমাই বলেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ, তাহলে তাদের আরও কাছাকাছি আসা উচিত। হরমুজ প্রণালির আশপাশে মার্কিন সামরিক জলযান পৌঁছালে সেগুলো ধ্বংস করার জন্য তাঁরা অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

আইআরজিসির এই নৌকমান্ডার আরও দাবি করেন, ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, জাহাজটি হরমুজ প্রণালির কাছে অবস্থান নেওয়ার সাহস না পেয়ে সেখান থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য হয়েছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক সহযোগীরা সংবাদমাধ্যমের ওপর ‘মিডিয়া ব্ল্যাকআউট’ বা তথ্যপ্রবাহে নিয়ন্ত্রণ আরোপ করেছে বলে অভিযোগ করেছেন ওজমাই। তাঁর দাবি, আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে—এই তথ্য বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওজমাই আরও জানান, কথিত সংবাদ সেন্সরশিপের জবাব দিতে আইআরজিসি নৌবাহিনী ইতোমধ্যে নিয়ম লঙ্ঘনকারী জলযানের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দুটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

/এসএন