• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম


‘এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস’, বিমান নিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদের কটা’ক্ষ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ৭:২৫ পিএম

বিমানযাত্রায় তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান ও ফ্লাইটের সময়সূচি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। নিজের ভোগান্তির কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের সঙ্গে ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেতা।

ফেসবুক পোস্টে ইরফান সাজ্জাদ জানান, বিমানে ওঠার পর তিনি দেখতে পান ককপিটে কাজ চলছে। বিষয়টি দেখে তাঁর মনে হয়, পরিস্থিতি ভালো নয়। এরপর যাত্রীদের কোনো সন্তোষজনক ব্যাখ্যা না দিয়েই আবার বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

ঘটনাটি তুলে ধরতে ভিডিওর পেছনে মজার সংগীত ব্যবহার করেন অভিনেতা। ভোগান্তির অভিজ্ঞতাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে তিনি লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

যে বিমানটি নিয়ে তিনি এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন, সেটি বাংলাদেশ এয়ারলাইন্সের। নিজের ক্ষোভ প্রকাশের পাশাপাশি রসিকতা করে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও আখ্যা দিয়েছেন ইরফান সাজ্জাদ।

অভিনেতার এই পোস্ট ঘিরে ফেসবুকের মন্তব্যের ঘরেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর ভক্ত ও নেটিজেনদের অনেকে নিজেদের মতামত তুলে ধরেছেন। ইরফান সাজ্জাদের মতো তাঁদের অনেকেই দেশের বিমানসেবার মান এবং যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

/এসএন