• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম


রাজধানী ঢাকার অন্তর্ভুক্ত হলো পূর্বাচল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ এপ্রিল ২০২৬ ৯:৪৩ এএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসা-এর আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পটি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই তিন জেলার সীমানাজুড়ে বিস্তৃত হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল। ফলে নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল।

এই পরিস্থিতি বিবেচনায় এনে এলাকাটিকে ডিএনসিসির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বাসিন্দারা জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেন উন্নয়ন এবং সড়কবাতি ও মশক নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নাগরিক সেবা সহজে পান।

পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুরো এলাকাকে ডিএমপির অধীন আনা হচ্ছে। একই সঙ্গে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ঢাকা ওয়াসার অধিক্ষেত্রেও অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্পটি।

এছাড়া প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওতাধীন প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে পূর্বাচল নতুন শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি কমবে এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত হবে।