‘মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি’: রাহুল গান্ধীতরুণ আন্দোলনকারীদের ওপর ধরপাকড় চালানোর অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, সরকার যত পুলিশই মোতায়েন করুক কিংবা যত নেতাকর্মীকে গ্রেপ্তার করুক, তরুণদের আন্দোলন থেকে পিছু হটানো যাবে না।শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার উদ্দেশ্যে রাজধানীতে যান ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপ। এ সময় বিমানবন্দর থেকে তাকে দুই সহযোগীসহ আটক করা হয়। যন্তরমন্তরের দিকে যাওয়ার চেষ্টা করা অন্য বিক্ষোভকারীদেরও আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটকের তথ্য দেওয়া হয়েছে।এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানান রাহুল গান্ধী। তিনি বলেন, নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছেন তিনি। তাদের কার্যক্রম সম্পর্কেও ভালোভাবে জানেন বলে মন্তব্য করেন এই বিরোধী নেতা।রাহুল গান্ধী বলেন, “নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন বাঘত, জ্ঞানেশ কুমার এবং অজিত দোভাল, এই গল্পের ভিলেনরা, ধীরে ধীরে বুঝতে পারছে তাদের পরিধি কমে আসছে। আমরা এই পরিধি কমাচ্ছি।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রাহুল গান্ধী বলেন, “মিস্টার মোদি যা খুশি তাই করুন, পুলিশ ডাকুন ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, আপনার যত খুশি ডাকুন। সব নেতাকে গ্রেপ্তার করুন, সব তরুণকে গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।”আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে রাহুল আরও বলেন, “আমরা আপনাকে ঘিরে ধরছি এবং আমরা পেছাব না, আমার কথা টুকে রাখুন, আমাদের যে তথ্যের প্রয়োজন তা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি।”ভারতের সংবিধান ও নাগরিকদের বাক্স্বাধীনতা রক্ষার অঙ্গীকারও করেন রাহুল গান্ধী। তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে ভারতের সঙ্গে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি ঠেকাতে তারা কাজ করবেন।আন্দোলনরত তরুণদের উদ্দেশে রাহুল বলেন, “ভারতের তরুণরা, আমি তোমাদের নিয়ে গর্বিত, আন্দোলন চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সংবিধানের ওপর আঘাত করেছেন বলে অভিযোগ করেন এই বিরোধী নেতা। তাদের পরাজয় নিশ্চিত করতে বিরোধীরা আন্দোলনকারীদের পাশে থাকবে বলেও জানান তিনি।
/বিএসএস