• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ এএম


দিল্লিতে বিক্ষো’ভ-ধ’রপাকড়, চেন্নাইয়ে রোড শো করলেন নরেন্দ্র মোদি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ৫:০৯ পিএম

ভারতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই তামিলনাড়ুর চেন্নাই সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে পৌঁছে ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি।

সকালে বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।

বিমানবন্দর থেকে বেরিয়ে সংক্ষিপ্ত একটি রোড শোতে অংশ নেন নরেন্দ্র মোদি। এ সময় বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে থাকা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

মোদির গাড়িবহর অতিক্রম করার সময় সড়কের দুই পাশে অপেক্ষমাণ নেতা-কর্মী ও সমর্থকেরা ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে এলাকাটি মুখরিত করে তোলেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিমানবন্দরসংলগ্ন সড়কে ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে তামিলনাড়ু রাজ্য বিজেপি।

রোড শো শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর চেন্নাই মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়। সেখানে চেন্নাই মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার যাত্রা শুরু করেন। পরে তাঁরা একই ট্রেনে ভ্রমণ করেন।

নতুন চালু হওয়া এই অংশে মোট ১১টি উড়াল মেট্রো স্টেশন রয়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই রুট চালুর ফলে স্থানীয় যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

চেন্নাইয়ে উন্নয়ন কর্মসূচি, দিল্লিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন চেন্নাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিতে ব্যস্ত, তখন রাজধানী নয়াদিল্লিতে চলছিল তীব্র অসন্তোষ ও সরকারবিরোধী বিক্ষোভ।

শনিবার (১০ অক্টোবর) দেশজুড়ে রাজনীতিবিদ ও অভিনয়শিল্পীসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে গভীর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে বড় ধরনের জমায়েত ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের বাধার কারণে বিক্ষোভকারীরা একটি নির্দিষ্ট স্থানে একত্র হতে পারেননি।

তবে বাধা সত্ত্বেও তাঁরা শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখেন। ফলে একদিকে চেন্নাইয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও রোড শো চলেছে, অন্যদিকে রাজধানী দিল্লিতে সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উত্তেজনা অব্যাহত ছিল।

/এসএন