খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনার চার থানায় বিশেষ অভিযান চলমান থাকায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে তাঁদের।
শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। এ পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদস্যদের সতর্ক থাকতে এবং রাতে একা চলাচল না করতে বলা হয়েছে।
/এএসএফ