ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে আটক হওয়ার কয়েক মিনিট পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে নির্বাচন কমিশন ভবনের দিকে যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় রাহুল ও প্রিয়াঙ্কাসহ শীর্ষ বিরোধী নেতাদের সাময়িকভাবে আটক করা হয়।
আটকের পর পুলিশের প্রিজন ভ্যান থেকে মুক্তি পেয়ে গান্ধী ভাইবোন বর্তমানে আকাশবাণী ভবনে অবস্থান করছেন। সেখান থেকে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
এর আগে সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে পদযাত্রা শুরু করেন বিরোধী দলের নেতারা। মিছিলটি এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের পথ আটকে দেয়।
পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ একাধিক সাংসদ রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করার অভিযোগ তোলেন। এ সময় তারা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পরে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ আটক বিরোধী নেতাদের কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দেয় দিল্লি পুলিশ। মুক্তির পর তারা আকাশবাণী ভবনে অবস্থান নেন এবং সেখান থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
/এসএন