তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয় নাগরিকদের সুবিধার্থে বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের সম্প্রসারিত কার্যক্রম উদ্বোধন করেছেন। এ সময় কিছুক্ষণের জন্য তিনি নিজেই বাস কন্ডাক্টরের ভূমিকায় অবতীর্ণ হয়ে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে টিকিট তুলে দেন।দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গান্ধী জয়ন্তীতে ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের সম্প্রসারিত সংস্করণ চালুর পর চেন্নাইয়ের একটি সরকারি বাসে বিজয়কে যাত্রীদের সঙ্গে কথা বলতে এবং টিকিট বিতরণ করতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর এই ব্যতিক্রমী উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত হয়। যাত্রীরাও নিজেদের ফোনে মুহূর্তগুলো ধারণ করেন।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাসে থাকা কলেজ শিক্ষার্থীরা বিজয়ের সঙ্গে কথা বলেন এবং তাকে চকলেট উপহার দেন।এর আগে তামিলনাড়ুতে নারীরা মূলত মেট্রোপলিটন ও শহরাঞ্চলের সাধারণ বাস এবং পাহাড়ি পথে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সাধারণ বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেতেন। ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের সম্প্রসারণের ফলে এখন মেট্রোপলিটন ও শহরাঞ্চলে চলাচলকারী এক্সপ্রেস, লিমিটেড স্টপ সার্ভিস এবং ডিলাক্স বাসেও বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হচ্ছে।এ ছাড়া ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে চলাচলকারী মফস্বল এলাকার সাধারণ বাস এবং পাহাড়ি পথের (ঘাট) সাধারণ বাসও প্রকল্পটির আওতায় আনা হয়েছে।তামিলনাড়ু সরকারের তথ্যমতে, রাজ্যের সাতটি পরিবহন সংস্থার মোট ১২ হাজার ৬৯২টি বাসকে এই সম্প্রসারিত প্রকল্পের আওতায় আনা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৮৪ দশমিক ৩ লাখ নারী এই সুবিধার আওতায় উপকৃত হবেন।দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মোট ১৮ হাজার ৪১৩টি নির্ধারিত বাসের মধ্যে প্রায় ৬৯ শতাংশ বাস ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতাভুক্ত হয়েছে। রাজ্যের মোট ১ লাখ ৯৪ হাজার ৬৪৯টি নির্ধারিত ‘সিঙ্গেল ট্রিপ’-এর মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৩১২টি ট্রিপ এই প্রকল্পের আওতাধীন বাসের মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ মোট যাত্রার প্রায় ৮৫ শতাংশ এই বাসগুলোর মাধ্যমে পরিচালিত হবে।তামিলনাড়ুর পরিবহনমন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান জানিয়েছেন, এই সম্প্রসারণের লক্ষ্য হলো গণপরিবহন পরিষেবার সুযোগ আরও বাড়ানো। বিশেষ করে বাড়ি থেকে দূরে কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী এবং কর্মস্থল, হাসপাতাল ও অন্যান্য জরুরি প্রয়োজনে যাতায়াতকারী নারীদের জন্য এই সেবা আরও কার্যকর করা হবে।বিনামূল্যে ভ্রমণের হিসাব রাখার জন্য বাসে থাকা ইলেকট্রনিক টিকেটিং মেশিনগুলোকেও প্রকল্পটির সঙ্গে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট কিছু পরিষেবার ক্ষেত্রে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী ব্যক্তিদের জন্যও বিনামূল্যে ভ্রমণের সুবিধা প্রযোজ্য।
/বিএসএস