চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. ফখরুদ্দিন বাবলু (৫৫) নামে সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) এক নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাবার নাম সিদ্দিক আহমদ। তিনি আশির দশকে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন ফখরুদ্দিন বাবলু। এ সময় অসাবধানতাবশত তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ফখরুদ্দিন বাবলুর ভাগনে রাফি জানান, ষোলশহর রেলস্টেশনে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তাঁর মামা মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টায় কাঞ্চনার স্থানীয় একটি মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে।
/এএসএফ