• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ এএম


শিবির ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে জানালেন হামিম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ৬:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত জিএস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে অব্যাহতি পাওয়া শেখ তানভীর বারী হামিম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে একটি মহল প্রচার করেছিল বিএনপি ক্ষমতায় এলে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠবে। তবে সরকার গঠনের দুই মাস পরও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নেতিবাচক কর্মকাণ্ডের পরিবর্তে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। তবে চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললেখাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পরিকল্পিত বলে অভিযোগ করেন তিনি।

হামিম দাবি করেন, একটি দেয়াললেখা ঘিরে ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা পরিবর্তন করে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে ছাত্রদলের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, প্রতিশোধমূলক সহিংসতার পথে না গিয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিভিন্নভাবে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং এর মাধ্যমে ‘ফ্যাসিবাদকে আমন্ত্রণ’ জানাচ্ছে।

হামিম বলেন, ছাত্রদল ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অতীতের সহিংস রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, তাদের রাজনৈতিক লক্ষ্য দুটি—নীতি নির্ভর রাজনীতি এবং শিক্ষার্থীদের কল্যাণমুখী কার্যক্রম। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও ছাত্রদল কাজ করতে চায়।

হামিমের ভাষ্য অনুযায়ী, ভিন্ন রাজনৈতিক মত থাকলেও দেশের স্বার্থে সব ছাত্রসংগঠন একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারা জরুরি। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা গড়ে তুলতে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করা হবে। এতে ভবিষ্যতে একটি সুশাসনভিত্তিক সমাজ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।