• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম


নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সৌদির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯ এএম

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মুখে এ বছরের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। প্রতিবছর সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী জেদ্দায় আয়োজিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা চলচ্চিত্র তারকারা অংশ নেন।

এর আগে উৎসবটিতে এমিলি ব্লান্ট, অ্যাড্রিয়েন ব্রডি, গুইনেথ প্যালট্রো ও মাইকেল কেইনের মতো হলিউড তারকারা উপস্থিত হয়েছিলেন। হলিউডের পাশাপাশি বলিউড ও আরব বিশ্বের পরিচিত চলচ্চিত্র তারকারাও এ আয়োজনে অংশ নিয়ে থাকেন।

প্রতিবছর ডিসেম্বর মাসে উৎসবটি আয়োজন করা হয়। এ বছরও ডিসেম্বরেই উৎসব আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আয়োজকরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে এ বছরের আয়োজন স্থগিত করা হয়েছে এবং আগামী বছরের শেষ দিকে উৎসবটি আয়োজন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, উৎসবটি যেন ‘উপযুক্ত সময় ও সঠিক পরিস্থিতিতে’ অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ও উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনাও সাম্প্রতিক সময়ে বেড়েছে। হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করা হয়েছে।

শনিবার রিয়াদে হামলার দায়ও হুতিরা স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই হামলার পর সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়।

এমন পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই সৌদি আরবের অন্যতম বড় আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিতের সিদ্ধান্ত এলো।

উৎসবটি আগামী বছর নতুন সূচিতে আয়োজনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আগামী আয়োজনের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

/এএসএফ