• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম


উত্তাল সাগরে মাছ ধরার ট্রলার উল্টে নিখোঁজ দুই জেলে, বেঁচে ফিরলেন ১১ জেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:০৭ এএম

কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উত্তাল জলে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে বড় ঢেউয়ের আঘাতে ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের ট্রলারটি উল্টে সাগরে তলিয়ে যায়। এতে থাকা ১৩ জেলের মধ্যে ১১ জন প্রাণে বাঁচলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

‘এফবি জান্নাত-জুনায়েদ’ ট্রলারটির যৌথ মালিক বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়ার আল-আমীন ও গোলাম রাব্বি। গত শনিবার মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জন জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়।

নিখোঁজ দুই জেলে হলেন তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের মো. নবী হোসেন (৪৫)। তারা ট্রলারের কেবিনে আটকা পড়েছিলেন। এ কারণে সাঁতরে বের হতে পারেননি বলে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া ১১ জেলের মধ্যে ছয়জন তালতলী উপজেলার, চারজন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এবং একজন খুলনার বাসিন্দা। অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে নিরাপদে উপকূলে নিয়ে আসে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্রলারের মালিক ও উদ্ধার হওয়া জেলে মো. আল-আমিন বলেন, ‘হঠাৎ করেই বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। আমরা ১১ জন সাঁতরে বের হতে পারলেও কেবিনের ভেতরে দুইজন আটকা পড়েছিলেন। তবে সাগর উত্তাল থাকায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।

/এএসএফ