চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।আটক ব্যক্তিরা হলেন— পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং ওই কার্যালয়ের উমেদার রূপন দাশ।দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ধরনের ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার ইচ্ছাকৃতভাবে রেজিস্ট্রির কাজ আটকে রাখেন বলে অভিযোগ রয়েছে।পরে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। এ পরিস্থিতিতে নিরুপায় হয়ে ভুক্তভোগী আইনজীবী দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। এরপর তিনি দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত আবেদনও করেন।অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়।দুদক জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এরপর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রমও চলমান রয়েছে।
/বিএসএস