• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম


৫-৭ দিনের মধ্যে গ্যাস সংকট অনেকটাই স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ পিএম

৫-৭ দিনের মধ্যে গ্যাস সংকট অনেকটাই স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীজ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানি করা গ্যাস সংরক্ষণের জন্য সাগরে দুটি জাহাজ রয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ায় অপর জাহাজের ওপর চাপ বেড়েছে। এতে পাইপলাইনে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে।তিনি বলেন, সরকার নতুন করে গ্যাস আনার চেষ্টা করছে। গত সপ্তাহ থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।অবৈধভাবে গ্যাস উত্তোলনের বিরুদ্ধেও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তেলের মতো গ্যাসের ক্ষেত্রেও একটি অসাধু চক্র তৈরি হয়েছে। তারা বিশেষ যন্ত্র ব্যবহার করে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস নিয়ে যাচ্ছে। এতে তারা লাভবান হলেও অন্য মানুষকে সংকটে পড়তে হচ্ছে।এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, দেশে চলমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রভাব শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশেই পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সরবরাহ ও দামের ওপর এর প্রভাব পড়েছে। সরকার শুরুতে জ্বালানির দাম না বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির কারণে পরে তেলের দাম বাড়াতে হয়েছে।দেশীয় গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের মাটিতে গ্যাসের মজুত থাকতে পারে, তবে এর প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। দীর্ঘ সময় ধরে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাপেক্সকে সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, গ্যাস অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল হলেও সরকার ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। এসব অনুসন্ধানে গ্যাসের সন্ধান পাওয়া গেলে দেশের জ্বালানি সংকট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটে দায়িত্ব পাওয়ায় সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ ও তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।নারীদের শিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বর বা ডিসেম্বর থেকে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ধর্মের কারণে সরকারের কাছে কোনো ভেদাভেদ নেই। দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরু ও সংশ্লিষ্টদের সহায়তার প্রতিশ্রুতির অংশ হিসেবে অনুদান কার্যক্রম শুরু হয়েছে।অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। এ সময় দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/বিএসএস