• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম


বৃহস্পতিবার টানা ৮ ঘন্টা গ্যাস সংকটে পড়বেন রাজধানী ও বগুড়ার যেসব এলাকার মানুষ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইনের উন্নয়ন, স্থানান্তর ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা ও বগুড়ার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে ঢাকার কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান।

রাজধানীতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় গ্যাস পাইপলাইনের উন্নয়ন ও স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শাহজাহানপুর রেলক্রসিংয়ের রেললাইনের দুপাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন সম্পন্ন করার জন্য এ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক গ্যাস সরবরাহের বাইরে থাকবেন।

তিতাস জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

অন্যদিকে, জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর ফলে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সরবরাহ সংকটে পড়বেন।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

/এএসএফ