• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম


আবারও জামিন পেলেন না সালমান শাহ হ’ত্যা মাম’লার আ’সামি ড’ন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ আগস্ট ২০২৬ ৮:৪০ পিএম

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত তার জামিন আবেদন খারিজ করেন। এদিন ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে আবেদন করেন এবং এর ওপর শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।

এর আগে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও আশরাফুল হক ডনের জামিন আবেদন বাতিল করা হয়েছিল।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে সালমান শাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন। ওই আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির সময় আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হবে।

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। তার মৃত্যুর পর প্রথমদিকে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত ও মামলা পর্যন্ত গড়ায়।

সালমান শাহ হত্যা মামলায় বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলাটি সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

/এসএন