• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ এএম


বরের গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে গেলেন প্রেমিক, পরে আট’ক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ আগস্ট ২০২৬ ৫:১৬ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরের গাড়ি থামিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা নববধূ ও ওই যুবককে আটক করেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার চরপুমদী ইউনিয়নের শ্যামাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামাকান্দা এলাকার আব্দুর রহিমের ছেলে ও মালয়েশিয়া প্রবাসী শাহীন মিয়া বরযাত্রী নিয়ে বিয়ে সম্পন্ন করেন। বিয়ে শেষে নববধূকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন তিনি।

এ সময় দক্ষিণ চরপুমদী নয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী সাইফুল গাড়িটি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় বর চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। পরে স্থানীয়রা নববধূসহ সাইফুলকে আটক করেন।

স্থানীয়দের সামনে সাইফুল দাবি করেন, নববধূ ইসরাত জাহান প্রমির সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে প্রমি দেশে ও বিদেশে অবস্থানকালে তার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। তবে সাইফুলের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সাইফুল আরও দাবি করেন, ইসরাত জাহান প্রমি মালয়েশিয়া প্রবাসী শাহীন মিয়াকে বিয়ে করায় তিনি ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ থেকেই তিনি ওই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন।

পরে স্থানীয়রা নববধূকে তার বাবার কাছে হস্তান্তর করেন। অন্যদিকে, ঘটনার পরদিন শনিবার (২২ আগস্ট) নববধূর স্বামী শাহীন মিয়া তাকে তালাক দিয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি নিয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না বা থানায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

/এসএন