আইফোনের মাসিক কিস্তি (ইএমআই) পরিশোধ করতে না পেরে আর্থিক চাপে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন ভারতের এক নৃত্যশিল্পী। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দিল্লির ওখলা এলাকার বাসিন্দা দীপক কুমার গত কয়েক মাস ধরে আয় কমে যাওয়ায় আইফোনের মাসিক কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে ক্রমেই মানসিক চাপে পড়ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আর্থিক চাপ থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন।দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার ভোলা ঘাটে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। টহলরত পুলিশ সদস্যরা দীপককে যমুনায় ঝাঁপ দিতে দেখে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। পরে জল ও কাদার মধ্য থেকে তাকে উদ্ধার করে ডাঙায় তোলা হয়।দীপক ওখলার বাসিন্দা। পেশায় তিনি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। পাশাপাশি বাগানে মালির কাজও করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার।উদ্ধারের পর দীপককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে। একই সঙ্গে তার স্ত্রী ও শ্যালককে খবর দেওয়া হয়। পরে তাদের সঙ্গেই দীপক বাড়ি ফিরে যান।এদিকে, একই দিনে ভারতের মহারাষ্ট্রেও আইফোনের ইএমআই নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিনজন পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা সামনে আসে। তবে তদন্তে ওই ঘটনার পেছনে আরও কিছু কারণের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার
/বিএসএস