চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
তিনি জানান, ইতোমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষাবোর্ডগুলো কাজ করছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এতে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হতে আরও সময় লাগছে। এই বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা গত ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা নেওয়া হবে। আগামী ২৪ আগস্ট এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষাটি নেওয়ার কথা রয়েছে।
/এসএন