একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগের মতো তিন ধাপে নয়, এবার এক ধাপেই অনলাইনে ভর্তির আবেদন নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে পছন্দের কলেজ পরিবর্তনের সুযোগ হিসেবে থাকা মাইগ্রেশন ব্যবস্থাও বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই একাদশ শ্রেণির ক্লাস শুরু করার সম্ভাবনাও রয়েছে। তবে ভর্তি প্রক্রিয়ার এসব পরিবর্তন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গত ১৬ আগস্ট একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন এনে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে।
সম্ভাব্য নতুন নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থী প্রথম ধাপেই একবার অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে মাইগ্রেশনের সুযোগ না রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী, কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া, ভর্তি নিশ্চায়ন না করা কিংবা অন্য কোনো কারণে ভর্তি কার্যক্রম থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী সময়ে আবেদন করার সুযোগ রাখা হতে পারে।
এবার একাদশে ভর্তির সময়সূচিও এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু করে ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ওই প্রস্তাবে সম্মতি দেয়নি।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই ভর্তির আবেদন গ্রহণ শুরু করে একই মাসের মধ্যে পুরো ভর্তি কার্যক্রম শেষ করার সম্ভাবনা রয়েছে। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে। পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর কলেজ পরিবর্তনের প্রয়োজন হবে, তাদের ১ অক্টোবরের মধ্যে ক্লাসে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা তৈরির কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত হতে পারে। এরপর শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নীতিমালা জারি করবে।
অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, একাদশ শ্রেণির ক্লাস ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। তবে গত কয়েক বছর বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা সম্ভব হয়নি। এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশিত হওয়ায় দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই ক্লাস শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত সময়সূচি, আবেদন পদ্ধতি, মাইগ্রেশনসহ অন্যান্য নিয়ম শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা জারির পরই নিশ্চিত হবে।
/এসএন