• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম


ঝ’ড়ে কাপ্তাই হ্রদে নৌকাডু’বি, ছেলেকে বাঁচিয়ে পানিতে ত’লিয়ে গেলেন বাবা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ আগস্ট ২০২৬ ১:২৬ পিএম

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের মধ্যে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মাইনী বাজার থেকে নৌকায় করে বাড়ির দিকে ফিরছিলেন মো. সালাম। পথে হঠাৎ ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির পর সালাম তার চার বছর বয়সী ছেলেকে আঁকড়ে ধরে সাঁতরে নিরাপদে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে দূর থেকে একটি ট্রলার ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। ট্রলারে থাকা লোকজন সালামের হাত থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন।

তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে শিশুটিকে উদ্ধারের আগেই সালাম পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান বলেন, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পর কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

এদিকে নিখোঁজ মো. সালামকে উদ্ধারে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, রাঙ্গামাটি জেলা সদর থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ডুবুরিরা সেখানে পৌঁছানোর পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করা হবে।

এরই মধ্যে স্থানীয়দের সহযোগিতায় সালামের সন্ধানে খোঁজাখুঁজি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

/এসএন