১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার পাশাপাশি নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও তথ্য জানানো যাবে।
চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বর হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হবে। এরপর ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের শুরু এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণ করা হয়। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের তারিখ নির্ধারণ করা হয়ে থাকে।
/এএসএফ