• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম


কেউ নেই কক্ষে, তবু চলছে এসি-ফ্যান—রাজশাহী শিক্ষা বোর্ডে বিদ্যুতের অপচয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ আগস্ট ২০২৬ ১০:০৩ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সরকারের নানা নির্দেশনা থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। কর্মকর্তা-কর্মচারী না থাকা সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা ফাঁকা কক্ষে এসি ও ফ্যান চালু রাখার প্রমাণ মিলেছে। এতে বিদ্যুতের অপচয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের ভাণ্ডার শাখায় গিয়ে দেখা যায়, উপসচিব দুরুল হোদার কক্ষটি পুরো ফাঁকা। কিন্তু কক্ষে কেউ না থাকলেও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও ফ্যান চালু রয়েছে।

স্থানীয় ও সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রায়ই কর্মকর্তা-কর্মচারী না থাকলেও এসি, ফ্যান ও লাইট চালু রাখা হয়।

বিদ্যুৎ অপচয়ের বিষয়ে জানতে চাইলে উপসচিব দুরুল হোদা এশিয়া পোস্টকে বলেন, ‘আমার বিষয়ে কোনো অভিযোগ থাকলে সচিবকে জানান। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’

অন্যদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

তিনি এশিয়া পোস্টকে জানান, এর আগেও তার কাছে এ ধরনের অভিযোগ এসেছে। বেশ কয়েকবার সংশ্লিষ্টদের সতর্ক করে নোটিশও দেওয়া হয়েছে।

চেয়ারম্যান বলেন, ‘তারপরেও তারা যদি বিদ্যুৎ এভাবে অপচয় করে থাকে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।’

/এএসএফ