• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ এএম


বাংলাদেশি কৃষককে ফেরত দিয়ে ছাড়া পেল দুই ভারতীয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ আগস্ট ২০২৬ ৫:২৭ পিএম

মেহেরপুরের ইছাখালী সীমান্তে বাংলাদেশি এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন স্থানীয়রা। শেষ পর্যন্ত বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের আটক তিন নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের আটক নাগরিকদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন।মঙ্গলবার সকালে নিজের মরিচখেতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন স্থানীয় গ্রামবাসী।আটক দুই ভারতীয় নাগরিক হলেন সচিন কর্মকার ও নারায়ণ দেব। অন্যদিকে, বিএসএফের হাতে আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাকে ছেড়ে না দেওয়ায় স্থানীয়রা দুই ভারতীয় কৃষককে ধরে নিয়ে আসেন। পরে বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আটক তিন নাগরিককে ছেড়ে দিয়েছে।পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু হানিফ। আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন নব চন্দ্রপুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার।

/বিএসএস