পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে।এই ছুটির আওতায় রয়েছে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়। তবে আখেরি চাহার সোম্বার ছুটি সরকারি সাধারণ ছুটি নয়; এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজের কার্যক্রম বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এদিন ছুটি ঘোষণা করেছে।‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে তৈরি। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। সে হিসেবে সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোম্বা।মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুযায়ী, সফর মাসের শেষ বুধবার মহানবী হজরত মুহাম্মদ (সা.) অসুস্থতা থেকে সাময়িকভাবে সুস্থতা লাভ করেছিলেন—এমন একটি বিশ্বাসের ভিত্তিতে পরবর্তী সময়ে দিনটি বিশেষভাবে পালনের রীতি চালু হয়। অনেকেই এ দিনকে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের উপলক্ষ হিসেবে পালন করেন।তবে আখেরি চাহার সোম্বাকে ঘিরে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও এর ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এ কারণে এ উপলক্ষে কোনো বিশেষ ইবাদত বা ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুসরণ করার কথা বলা হয়।
/বিএসএস