এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ফল প্রকাশের পরপরই আনন্দে মেতে ওঠেন প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা। নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে যোগ দেন শিক্ষক ও অভিভাবকেরাও। এ সময় অভিভাবকদের মিষ্টির প্যাকেট নিয়ে আসতে দেখা যায়। একে অপরকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন তারা।
শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, যথাযথ দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস ও বিশেষ ক্লাসের পাশাপাশি গাইড শিক্ষকদের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল এবং মাসিক পরীক্ষার কারণে এমন ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মিলয় দেবনাথ বলেন, ‘আমিসহ সব বন্ধু জিপিএ-৫ পেয়েছে। তাই সবাই মিলেই নেচেগেয়ে হইহুল্লোড় করে আনন্দ করছি। এমন ফলের পর সব পরিশ্রমের কষ্ট ভুলে গেছি। মা-বাবা খুশি হয়েছেন, এর চেয়ে আনন্দের আর কী আছে?’
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফল করে আসছে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
এবার স্কুলটির বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে।
গত বছরও প্রতিষ্ঠানটির ৩২০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছিল। এর আগে ২০২৪ সালে ২৯৪ পরীক্ষার্থীর মধ্যে ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছিল। ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ২৭০ জন।
২০২২ সালে ২৬৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করে। ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন এবং ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছিল। আর ২০১৭ সালে ১৬৪ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করে।
/এসএন