• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম


এসএসসিতে যে দুই বিষয়ে সবচেয়ে বেশি ফেল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৩:৩১ পিএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে। এ দুই বিষয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সার্বিক পাসের হারও কমেছে। একই সঙ্গে গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

শিক্ষক ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ও গণিতে ফেল করার প্রবণতা বেশি দেখা গেছে। বিশেষ করে মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া মানবিক বিভাগের শিক্ষার্থীরা এই দুই বিষয়ে তুলনামূলকভাবে বেশি দুর্বল। ইংরেজি ও গণিতে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এবার দুই দশকের মধ্যে ফলাফলে সবচেয়ে বেশি নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

তবে ইংরেজি ও গণিতের বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষার্থীদের ফল ছিল বেশ ভালো। অধিকাংশ শিক্ষা বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৮ ও ৯৯ শতাংশে পৌঁছেছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ইংরেজিতে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ইংরেজিতে পাস করেছে ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী। আর গণিতে পাসের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ।

অর্থাৎ, ময়মনসিংহ বোর্ডে ইংরেজি বিষয়ে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৩৩ জন ফেল করেছে। অন্যদিকে গণিতে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

ইংরেজি বিষয়ে শুধু ময়মনসিংহেই নয়, বরিশাল ও সিলেট শিক্ষা বোর্ডেও পাসের হার ৭০ শতাংশের নিচে রয়েছে। বরিশাল বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৯ দশমিক ২৪ শতাংশ এবং সিলেট বোর্ডে ৬৯ দশমিক ১১ শতাংশ।

এ ছাড়া আরও কয়েকটি শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭০ শতাংশের ঘরে রয়েছে। যশোর বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭১ দশমিক ৮৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২ দশমিক ২৭ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ, ঢাকা বোর্ডে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৭৯ দশমিক ২১ শতাংশ।

ইংরেজি বিষয়ে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে কেবল কুমিল্লা ও কারিগরি শিক্ষা বোর্ডে। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে এ হার ৯৪ দশমিক ৭০ শতাংশ।

অন্যদিকে গণিতের ফলাফল বিশ্লেষণেও তুলনামূলক দুর্বল চিত্র পাওয়া গেছে। ময়মনসিংহ ও মাদরাসা শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার ৬৯ শতাংশের ঘরে রয়েছে।

আরও পাঁচটি বোর্ডে গণিতে পাসের হার ৭০ শতাংশের ঘরে। কারিগরি শিক্ষা বোর্ডে গণিতে পাস করেছে ৭০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে এ হার ৭১ দশমিক ৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৫ দশমিক ৯৬ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৭ দশমিক ১৭ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৯৮ শতাংশ।

গণিতে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে ঢাকা, কুমিল্লা, যশোর ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এ কারণে এসব বোর্ডের সার্বিক পাসের হারও তুলনামূলকভাবে ভালো হয়েছে।

/এসএন