• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম


কুলাউড়া সীমান্তে বিএসএফের গু/লিতে প্রা/ণ গেল বাংলাদেশি তরুণের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ আগস্ট ২০২৬ ৪:২১ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার থিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। বিজিবি জানিয়েছে, তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৪ থেকে ৫ জন বাংলাদেশি চোরাকারবারি আলীনগর সীমান্ত দিয়ে ভারতের মাগুরুলি এলাকায় প্রবেশ করেন। সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের বাধা দেন।

এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গে থাকা অন্য চোরাকারবারিরা সেখান থেকে পালিয়ে যান।

৪৬ বিজিবি ব্যাটালিয়নের শ্রীমঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তার স্বজনেরাও বিষয়টি স্বীকার করেছেন।’

তিনি আরও বলেন, ‘তারা মিয়ার লাশ বিএসএফ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে তারা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে।’

/এসএন