বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। তবে সুবিধাটি এখনো সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ, দ্রুত এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে।
সম্প্রতি বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার Ads Manager-এর Add Payment Method অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও যুক্ত হয়েছে। এছাড়া কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।
এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে আন্তর্জাতিক ব্যাংক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে ভোগান্তির মুখে পড়তে হতো। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মেটা। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট সুবিধা কবে সব ব্যবহারকারীর জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
/এসএন