ওপার বাংলার জনপ্রিয় লোকসংগীতশিল্পী স্বাগত দে আর নেই। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বাংলা সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।’ময়না ছলাৎ ছলাৎ’ ও ‘সোনা বন্ধু রে’সহ অসংখ্য জনপ্রিয় লোকগানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছিলেন স্বাগত দে। তার জাদুকরী কণ্ঠ, সুরেলা পরিবেশনা এবং আবেগঘন গায়কী বাংলা লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় করে তুলেছিল।পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (৩ আগস্ট) তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।স্বাগত দে’র আকস্মিক প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সংগীত ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই।গায়িকা জোজো নিজের শোকবার্তায় লেখেন, ‘তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।’অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লিখেছেন, ‘খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।’লোকসংগীতশিল্পী দেব চৌধুরীও গভীর শোক প্রকাশ করে বলেন, ‘স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি।’স্বাগত দে’র মৃত্যুতে তার অসংখ্য অনুরাগী, সহশিল্পী এবং সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। বাংলা লোকসংগীতের এক প্রিয় কণ্ঠের বিদায়ে সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।
/বিএসএস