• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম


লোহিত সাগরে সৌদি ট্যাংকারে আবারও ব্যালাস্টিক মিসাইল হামলা চালাল হুতিরা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৭:০৬ এএম

লোহিত সাগরে আরও একটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ওই হামলায় ট্যাংকারটি লক্ষ্যবস্তুতে আঘাতপ্রাপ্ত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে। তার দাবি, এটি সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির ঘোষিত সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

ইয়াহিয়া সারি আরও বলেন, সম্ভাব্য যেকোনো পরিণতি সত্ত্বেও উত্তর লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব হামলার মাত্রা আরও বাড়ানো হবে, যাতে ওই রুটে জাহাজ চলাচল ব্যাহত করা যায়।

হুতি গোষ্ঠীর দাবি, এ পর্যন্ত সৌদি আরবের অন্তত আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এছাড়া লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচলকারী ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে যাত্রাপথ পরিবর্তন করতে অথবা ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে হামলার ক্ষয়ক্ষতি কিংবা দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আনাদোলু

/এএসএফ