• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম


ভারত থেকে জ্বালানি আমদানি অব্যাহত, আরও ৫ হাজার টন ডিজেল আসল দেশে

আপডেট টাইম: ১৮ এপ্রিল ২০২৬ ৮:৪১ পিএম

বাংলাদেশ–ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এ চালানটি শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম বাসসকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (NRL) থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়। দুই দিনেরও কম সময়ে তা সম্পন্ন হয়ে শনিবার বিকেলে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে যায়।

তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানির এই কার্যক্রম নিয়মিত ও চলমান প্রক্রিয়ার অংশ। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে এবং সরবরাহ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের নতুন একটি চালান পাম্পিং শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। ফলে এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল ইতোমধ্যে আমদানি সম্পন্ন হয়েছে।