• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:১০ পিএম


‘এক দফা এখনো পূর্ণ বাস্তবায়ন হয়নি’—এনসিপির নাহিদ ইসলাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১১:১০ পিএম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে এনসিপি আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঘোষিত এক দফার মধ্যে শেখ হাসিনার পদত্যাগের পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ পতনের অঙ্গীকারও ছিল। তবে তার ভাষ্য অনুযায়ী, সেই এক দফা এখন পর্যন্ত আংশিক বাস্তবায়িত হয়েছে, পুরোপুরি নয়। আন্দোলনের শরিকদের বিরোধিতার কারণেই এক দফা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, এক দফা পুরোপুরি বাস্তবায়িত হলে পুলিশের দলীয়করণ বন্ধ হয়ে যেত। গ্রামে গ্রামে চাঁদাবাজি ও দুর্নীতি থাকত না। তিনি আরও বলেন, চুলায় গ্যাস নেই, ঘরে ঘরে বিদ্যুৎ নেই, দেশের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। তার দাবি, একমাত্র পরিবর্তন হলো—তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। গত দুই বছরে দেশের কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, তারেক রহমান পাঁচ মাস ধরে ক্ষমতায় থাকলেও গত দুই বছরে বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপির নেতারাই স্বীকার করেছেন যে পাঁচ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এবং আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে। তিনি বলেন, আবার বলা হচ্ছে তারেক রহমান ভালো, বাকিরা খারাপ। শেখ হাসিনার সময়ও একই ধরনের প্রচারণা দেখা গিয়েছিল—তিনি ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে, তিনি তাহাজ্জুদ পড়েন এবং ১৮ ঘণ্টা কাজ করেন। এখনো একই ধরনের প্রচারণা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করিনি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা করেছিলাম। আমরা এ দেশকে আবার কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি ও চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত হতে দেব না।’

বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, যদি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসেন এবং তার জন্য যদি প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবস্থা করেন, তাহলে সেটির জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, ‘এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ সেদিন রাজপথে থাকবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরব না।’

আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসনের প্রসঙ্গেও কড়া বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে। যদি কারও সাহস থাকে, তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখাতে হবে। মাঠে নামলেই কার কতটুকু সাহস আছে, তা বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

/এসএন