• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম


বন্যাদুর্গত চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৮:০৪ পিএম

বন্যাকবলিত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।তিনি জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। সফরকালে তিনি বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং বন্যায় গৃহহারা পরিবারের জন্য সরকারি সহায়তায় নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত বাড়িগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরের সময় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব বাড়ি উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন। এছাড়া একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেবেন।প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় গিয়ে সমাবেশে অংশ নেবেন এবং সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, সোমবার তাকে এবং দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে সফরসংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। তিনি জানান, দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সফরসূচি হাতে পাওয়া যায়নি। চূড়ান্ত সূচি পাওয়ার পর সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।

/বিএসএস