হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নান শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির নেতা সারজিস আলমসহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় গত ৩০ জুলাই হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল।
রোববার মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
/এসএন