• ঢাকা
  • শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম


ইরানে ফের মার্কিন ভয়াবহ বিমান হামলা, একই পরিবারের তিনজন নিহত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ৫:১৭ এএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার জবাবে দেশটির একাধিক স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডজনখানেক কৌশলগত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু এবং তার বাবা-মা রয়েছেন।

সেন্টকমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাতে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বিমান হামলা চালানো হয়। এতে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং নৌ সক্ষমতাসংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

যুক্তরাষ্ট্রের দাবি, জর্ডানে অবস্থিত তাদের সেনাঘাঁটির দিকে ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার আইআরজিসি দাবি করেছিল, তারা জর্ডানে মার্কিন বিমানঘাঁটি ও কমান্ড সেন্টার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নির্দেশনা অমান্য করা তিনটি তেলবাহী ট্যাঙ্কারেও হামলার দাবি করে তারা। ওই ঘটনার পর গত সপ্তাহে সাময়িকভাবে স্থগিত রাখা বোমাবর্ষণ পুনরায় শুরু করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর কেশম ও আবদান দ্বীপসহ ইরানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ফার্স নিউজের খবরে বলা হয়েছে, কেশমের চাহ তাঙ্গু এলাকায় একটি আবাসিক বাড়িতে বোমা পড়লে মা, বাবা ও তাদের দুই বছর বয়সী শিশুসন্তান ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। সুয়েজ খালের কাছে মিসরের একটি বন্দরে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কায়রো নিশ্চিত করেছে। চলমান সংকটে এটিই মিসরে প্রথম হামলার ঘটনা।

অপরদিকে, ইরাকে ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অবস্থানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইরাক সরকার এই হামলাকে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বর্ণনা করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাগদাদ সরকারের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চালানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত যাতে দীর্ঘমেয়াদে আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

/এএসএফ