• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম


পদ্মায় নৌকাডুবি: দুই দিন পর মিলল বাবা-ছেলের মরদেহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৫:১১ পিএম

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া বাবা ও ছেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কুষ্টিয়ার হার্ডি এলাকা থেকে বাবার এবং দুপুরে রাজশাহীর পবা উপজেলা থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা এবং নৌকার মাঝি কাওসার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ, রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার নৌকাডুবির পর থেকেই স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ পুলিশ যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায়। তবে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে মরদেহ দুটি দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে ভেসে যায়।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী সেতু-সংলগ্ন পদ্মা নদীতে কাওসার আলীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অন্যদিকে, একই দিন বেলা ১টার দিকে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকার পদ্মা নদী থেকে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে চর মাজারদিয়ার এলাকা থেকে আটজন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছানোর পর প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার মাঝি কাওসার আলী ও তার ছেলে জিয়ারুল হক নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

/এসএন