প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এই সফরের জন্য দিল্লি আগ্রহভরে অপেক্ষা করছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার জানান, বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংস্কৃতি, খেলাধুলা এবং বিভিন্ন সহযোগিতামূলক খাত নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। এসব উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, “এই সফরের জন্য দিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার মাধ্যমে এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা সম্ভব নয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভারতের হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু ভৌগোলিক সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীর বন্ধন দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। জনগণের স্বার্থে এই সম্পর্ককে ভবিষ্যতে আরও এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
/এএসএফ