• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম


পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৬:৩৭ পিএম

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ঘণ্টাখানেক ধরে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তারা আবার যাত্রা শুরু করেন।

এনসিপি সূত্রে জানা গেছে, হবিগঞ্জে পৌঁছে দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। হবিগঞ্জে জারি থাকা ১৪৪ ধারার কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে তাদের অগ্রসর না হওয়ার অনুরোধ জানানো হয়।

পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা ও বাগ্‌বিতণ্ডার পর এনসিপির নেতারা ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।

গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

/এএসএফ