নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীসেবার মান, পরিচ্ছন্নতা এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। এ সময় বহির্বিভাগে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগের সত্যতা ধরা পড়লে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে সতর্ক করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা দেন।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড, টয়লেট, হাসপাতাল চত্বর এবং স্যানিটেশন ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
পরিদর্শনের সময় হাসপাতালের কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং হাসপাতালের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং দায়িত্বশীলতার সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
পরিদর্শন শেষে সিভিল সার্জন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে কয়েকটি ক্ষেত্রে ঘাটতি চোখে পড়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না।
তিনি আরও জানান, খুব শিগগিরই আবারও আকস্মিক পরিদর্শন করা হবে। এদিন দেওয়া নির্দেশনাগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা যাচাই করা হবে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। রোগীরা যাতে হয়রানিমুক্ত, মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পান, সেটিই স্বাস্থ্য বিভাগের প্রধান লক্ষ্য।
/এএসএফ