• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ এএম


দেশে বর্তমানে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৫:২৩ পিএম

দেশে বর্তমানে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক বেকার রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বিপুলসংখ্যক শিক্ষিত বেকারের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সামনে এখন অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির বড় চ্যালেঞ্জ রয়েছে। তার দাবি, গত ১৫ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে দেশে একটি চাকরির বিপরীতে ৫ থেকে ৬ লাখ পর্যন্ত আবেদন জমা পড়ছে। এমনকি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের একটি ছোট পদের জন্যও হাজার হাজার আবেদন এসেছে। এই বাস্তবতায় বেকারত্ব রাতারাতি দূর করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং নতুন নতুন উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনার মুখোমুখি হয়েছে। তবে এসবকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

পরিবর্তনের কাজ শুরু হয়েছে, তবে তা দৃশ্যমানভাবে বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।শিক্ষাব্যবস্থার বিষয়ে তিনি বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষাকে আরও নিবিড়ভাবে যুক্ত করতে হবে। পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।মির্জা ফখরুল জানান, সরকার ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘অ্যাগ্রিকালচার হাব’ হিসেবে ঘোষণা করেছে।

তার আশা, কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতিও আরও গতিশীল হবে।ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি হতে হবে দেশ ও মানুষের কল্যাণে। তার দাবি, গত ১৭ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে এবং বর্তমান সরকার সেগুলো পুনর্গঠনের কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি সংকটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দেশে গ্যাস ও জ্বালানির ঘাটতি উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ইরানে চলমান যুদ্ধের প্রভাবও দেশের জ্বালানি খাতে পড়তে পারে। এ কারণে বিকল্প জ্বালানি এবং গ্রিন এনার্জির ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।সবশেষে তিনি বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

/বিএসএস