গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে Autonomic Neuropathy (অটোনমিক নিউরোপ্যাথি) রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে-মধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।
পদত্যাগপত্রে সাহাবুদ্দিন লেখেন, বিভিন্ন রোগের কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের ফলে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এছাড়া তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, এই পরিস্থিতিতে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও তিনি রাষ্ট্রপতির পদে বহাল ছিলেন। ওই সময় তাকে অপসারণ বা পদত্যাগ করানো নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আন্দোলন হলেও শেষ পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকেন।
পরবর্তীতে বিভিন্ন সময়ে তার পদত্যাগ বা অপসারণ নিয়ে গুঞ্জন ছড়ালেও এবার গুরুতর অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন।
/এএসএফ