• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ এএম


পদত্যাগপত্রে নিজের ৫ গুরুতর রোগ জানালেন সাহাবুদ্দিন চুপ্পু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৫:৪০ পিএম

গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে বিকেল ৫টায় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ভূমিকা রাখার বিষয়টিও তিনি তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় তার ইতিবাচক ভূমিকার কারণেই দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।তবে বর্তমানে শারীরিক অবস্থার অবনতির কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে পদত্যাগপত্রে জানান তিনি।

রাষ্ট্রপতি জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথিসহ পাঁচটি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এছাড়া এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে।

বিশেষ করে অটোনমিক নিউরোপ্যাথির কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।এসব শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা আর সম্ভব নয় উল্লেখ করে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

/বিএসএস