নয়াদিল্লিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশিকে তার পদ থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে মোদি সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙওয়ার, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২২ জুলাই) এই প্রশাসনিক রদবদল কার্যকর করা হয়েছে।
তবে এই পরিবর্তনের পরও যন্তর মন্তরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা এখনও সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলন শুরু করে ফেসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক ১২ জন আত্মহত্যা করেছেন।
এদিকে শিক্ষা সচিবের বদলির পর বৃহস্পতিবার রাতে সোনাম ওয়াংচুক তার অনশন ভেঙেছেন। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/এসএন