• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম


মার্কিন বিজ্ঞানীদের রহস্যজনক নিখোঁজ ও মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ২:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা ঘিরে তদন্ত শুরু করতে যাচ্ছে হোয়াইট হাউস। নিখোঁজদের অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার গোপন তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ঘটনাগুলো একটি উদ্বেগজনক ধারা তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার প্রয়োজন রয়েছে বলে প্রশাসন মনে করছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র মহাকাশ প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজা, যিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। এছাড়া কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে কর্মরত স্টিভেন গার্সিয়া, লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ডও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের পাশাপাশি কিছু মৃত্যুর ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। একই জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ফ্র্যাংক মাইওয়াল্ড ২০২৪ সালে মারা যান। গবেষক মাইকেল ডেভিড হিকস ২০২৩ সালের জুলাইয়ে মারা যান। তবে এই মৃত্যুগুলোর কারণ প্রকাশ করা হয়নি।

এই ঘটনাগুলো এমন সময় ঘটছে, যখন যুক্তরাষ্ট্র সরকার মহাকাশ ও পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে নতুন কর্মসূচি জোরদার করছে। এ পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসম্যান এরিক বার্লিসন ফেডারেল তদন্ত ব্যুরোকে আনুষ্ঠানিক তদন্তে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, উচ্চপর্যায়ের গবেষণায় যুক্ত ব্যক্তিদের মধ্যে এ ধরনের ঘটনার সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নিখোঁজ ব্যক্তিদের অনেকেই তাদের ফোন ও মানিব্যাগের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে গেছেন, যা পরিকল্পিত কোনো ঘটনার ইঙ্গিত দিতে পারে।

বিশ্লেষকদের মতে, ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে থাকবে।

সূত্র- টিআরটি ওয়ার্ল্ড