• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম


রাষ্ট্রপতি পদে নতুন মুখ কে? বিএনপির তিন শীর্ষ নেতার নাম আলোচনায়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৯:৫৩ পিএম

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়ে উঠেছে। সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, তিনি শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করতে পারেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।সূত্রগুলোর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে ইতোমধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি কে হবেন, তা নিয়েও দলটির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।

আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম। পাশাপাশি স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের নামও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই তিন নেতার মধ্য থেকেই একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে।সূত্র আরও জানিয়েছে, বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম খান দলের ভেতরে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি হিসেবে পরিচিত।

বিভিন্ন গুরুত্বপূর্ণ বিবৃতি ও নীতিগত খসড়া তৈরিতে তার দক্ষতার কথা দলীয় নেতারাও স্বীকার করেন। একজন দক্ষ বক্তা হিসেবেও তার পরিচিতি রয়েছে।দলের অভ্যন্তরে এমন মতও রয়েছে যে, রাষ্ট্রপতি করা না হলে নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা যেতে পারে। আবার কেউ কেউ তাকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দেখার পক্ষেও মত দিয়েছেন।সম্প্রতি খালেদা জিয়ার জানাজায় দলের পক্ষে বক্তব্য রেখে প্রশংসা কুড়িয়েছেন নজরুল ইসলাম খান। সর্বশেষ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

বর্তমান সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে ওই শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও বাস্তবে এ সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই নির্ধারিত হয়। বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় ধারণা করা হচ্ছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, তিনিই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে অতীতের ধারাবাহিকতায় দলের প্রবীণ নেতাদের মধ্য থেকেই রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার সম্ভাবনাই বেশি বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিমত।

/বিএসএস