• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পিএম


১৪৪ ধারাও থামাতে পারল না শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তাল দিল্লি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ১১:২৮ পিএম

দিল্লিতে ১৪৪ ধারা জারি থাকলেও শিক্ষার্থীদের আন্দোলন থামেনি। শিক্ষা সংস্কার ও পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে চলমান বিক্ষোভ আরও বিস্তৃত হয়েছে। রাজধানীজুড়ে শুরু হওয়া এই আন্দোলন এখন ভারতের জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।বুধবারও দিল্লির বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জারি করা ১৪৪ ধারার মধ্যে পুলিশের বলপ্রয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি আবেদন ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন।আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও ক্রমেই বাড়ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।

তাঁর দাবিগুলোর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি অভিযোগ করেছে, বিরোধী দলগুলো শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। দলটির নেতাদের দাবি, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সামনে রেখে বিরোধীরা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

এদিকে সমালোচনার মুখে নীরবতা ভেঙে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম এবং শিক্ষার্থীদের উদ্বেগ নিয়ে সংসদে খোলামেলা আলোচনা করতে সরকার প্রস্তুত।দিল্লির রাজপথ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সংসদেও তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। সরকার ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের দাবির কী সমাধান আসে, সেদিকেই নজর এখন পুরো ভারতের।

/বিএসএস